রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
আজাদ নিউজ ২৪ ডট কম।
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন জানান, বিয়ারিং প্যাড নিচে পড়ে ঘটনাস্থলেই আবুল কালাম নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত আবুল কালামের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, নিরাপত্তার কারণে পুরো রুটে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনো নিশ্চিত নয়।
এর আগেও গত বছরের সেপ্টেম্বরে একই এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। তখন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল ১১ ঘণ্টা বন্ধ ছিল। সেই ঘটনার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, আর এবার দ্বিতীয়বারের মতো এমন দুর্ঘটনা ঘটল।
বিশেষজ্ঞরা বলছেন, উড়াল পথের পিলারের সঙ্গে থাকা রাবারের এই বিয়ারিং প্যাডগুলো উড়াল ট্র্যাকের স্থিতি ও ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটির ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি। এগুলো ছাড়া ট্রেন চালানো হলে উড়াল পথ দেবে যাওয়া বা স্থানচ্যুত হওয়ার ঝুঁকি তৈরি হয়।
ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে, আর দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজাদ নিউজ ২৪ ডেক্স 










