পর্যটন জিপ খাদে; সাজেক থেকে হেলিকপ্টারে ফিরলো রুবিনার লাশ!
বিশেষ প্রতিনিধি, পলাশবাড়ী (গাইবান্ধা)
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ভবানীপুর গ্রামের ছাত্রী ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচের শিক্ষার্থী রুবিনা আফছানা রিংকি (২৩)-এর লাশ সাজেক থেকে হেলিকপ্টারযোগে নিজ গ্রামের বাড়িতে আনা হয়েছে।
বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর বিকেলে খাগড়াছড়ি সেনানিবাস থেকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে রওনা দিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে রুবিনার লাশবাহী হেলিকপ্টারটি হাসবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে।
পরে অ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাড়ি ভবানীপুরে নেওয়া হয়।
এ সময় শতশত মানুষ তাকে এক নজর দেখার জন্য ভিড় করে।
এর আগে, বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সফরে খাগড়াছড়ির সাজেক যাওয়ার পথে হাউজপাড়া এলাকায় পর্যটকবাহী জিপ খাদে পড়ে যায়।
ঘটনাস্থলেই প্রাণ হারান রুবিনা। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও ১১ জন শিক্ষার্থী গুরুতর আহত হন।
রুবিনা খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আজাদ নিউজ ২৪ ডেক্স 
















