শিবচরের গর্ব মো. আরিফ হোসেন: আমেরিকায় ইউনিভার্সিটি অব মিসিসিপিতে উচ্চশিক্ষার যাত্রা
এস এম আলমগীর হুসাইন
স্টাফ রিপোর্টার
শিবচর (মাদারীপুর):
মাদারীপুর জেলার শিবচরের ডইয়ারচর গ্রামের সন্তান মোহাম্মদ আরিফ হোসেন উচ্চশিক্ষার জন্য স্কলারশিপে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিসিসিপিতে। এ বছরের আগস্ট মাসে তিনি আমেরিকার এই বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে GA (Graduate Assistantship)-সহ উচ্চশিক্ষার জন্য মাস্টার্স প্রোগ্রামে যোগদান করেন।
তিনি শিবচরের গর্ব, এক জলজ্যান্ত উদাহরণ— “ইচ্ছা আর পরিশ্রম থাকলে কিছুই অসম্ভব নয়” এ কথার সত্যতা যেন তার জীবনেই প্রতিফলিত।
আরিফ হোসেন ডাইয়ারচরের সেলিম মাদবরের ছেলে। স্কুলজীবনে ২০১৫ সালে তিনি এসএসসি সম্পন্ন করেন মাদবরের চর আর এম উচ্চ বিদ্যালয় থেকে। এরপর ২০১৭ সালে এইচএসসি শেষ করেন ঢাকার রেসিডেন্সিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে। উচ্চশিক্ষার যাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান (অ্যানথ্রোপোলজি) বিভাগে ভর্তি হয়ে অনার্স এবং পরে মাস্টার্স শেষ করেন ২০২৩ সালে।
শিক্ষাজীবনের প্রতিটি ধাপে তার মেধা, অধ্যবসায় আর আন্তরিকতা তাকে এগিয়ে নিয়ে গেছে। আরিফ সবসময় সামাজিক, সহমর্মী এবং অদম্য মানসিকতার এক তরুণ হিসেবে পরিচিত ছিলেন। তাই তো জীবনের নানা বাধা-বিপত্তি জয় করে উচ্চশিক্ষার জন্য আজ তিনি পৌঁছে গেছেন আমেরিকায়।
সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে তিনি উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে এবার আমেরিকায়। প্রথমে একবার ব্যর্থ হলে কিছুটা হোচট খান । কিন্তু আরিফ দমে যাওয়ার পাত্র নন। তিনি ২য় বারেই সফলতা অর্জন করেন। তার দৃঢ় মনোবল, একাগ্রতা ও আদর্শচেতনাই তাকে এই অর্জনের পথে এগিয়ে দেয়।
ছোটবেলা থেকেই আরিফ ছিলেন চঞ্চল, কিন্তু ভীষণ আন্তরিক ও সামাজিক। মানুষের পাশে দাঁড়ানো, ভালো ব্যবহার ও দায়িত্ববোধের জন্য এলাকায় তিনি সবার প্রিয়। তার এই অর্জনে পুরো ডাইয়ারচর ও শিবচরবাসী গর্বিত ও আনন্দিত।
তার শিক্ষক, প্রতিবেশী ও স্বজনরা বলছেন, “এই ছেলে ছোটবেলা থেকেই চঞ্চল কিন্ত অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, পরিশ্রমী ও মেধাবী ছিল। সে আমেরিকায় পড়তে গেছে— এটা শুধু তার নয়, পুরো শিবচরের সম্মানের বিষয়।”
এই সাফল্য প্রমাণ করে, সংকট-সংগ্রামকে পেছনে ফেলে কেউ যদি নিজের লক্ষ্যে অটল থাকে, তবে সফলতা অবশ্যই ধরা দেয়। মো. আরিফ হোসেন এখন শিবচরের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।এ অর্জন শুধু তার নিজের নয়, পুরো শিবচরের জন্য এক গর্বের মুহূর্ত। এলাকাবাসীর অনেকে তাকে “শিবচরের মুখ উজ্জ্বল করা এক রত্ন” বলে আখ্যা দিচ্ছেন। তার এই সফলতায় এলাকাজুড়ে এখন আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
আজাদ নিউজ ২৪ ডেক্স 
















