দ্বিতীয় বিয়ের পথে প্রথম স্ত্রীর কবর জিয়ারতে অশ্রুসিক্ত স্বামী
নিজস্ব প্রতিবেদক | কুমিল্লা
কুমিল্লার সদর উপজেলায় দ্বিতীয় বিয়েতে যাওয়ার পথে প্রথম স্ত্রীর কবর জিয়ারত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন রিয়াদ নামের এক ব্যক্তি। এ সময় তিনি অঝোরে কান্নায় ভেঙে পড়েন।
ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
জানা যায়, শনিবার (১৮ এপ্রিল) উপজেলার বালুতুপা এলাকায় বর সাজে দ্বিতীয় বিয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা হন রিয়াদ। পথে একটি কবরস্থানের সামনে এসে তিনি গাড়ি থামান।
পরে একমাত্র কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে প্রথম স্ত্রীর কবর জিয়ারত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াদের প্রথম স্ত্রী ২০২৩ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। দীর্ঘদিন একা থাকার পর পারিবারিক সিদ্ধান্তে তিনি দ্বিতীয় বিয়েতে সম্মতি দেন।
কবরের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকার পর তিনি কান্নায় ভেঙে পড়েন। পরে গাড়িতে ফিরে গিয়েও তাকে কাঁদতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দা মন্টি বলেন, নতুন জীবনে পা রাখার আগে পুরোনো স্মৃতির প্রতি এমন সম্মান দেখানোর দৃশ্যটি ছিল অত্যন্ত আবেগঘন।
রিয়াদ জানান, ২০১৭ সালের ১৮ জুলাই তাদের বিয়ের মাধ্যমে এক পবিত্র সম্পর্কের সূচনা হয়েছিল। প্রায় ছয় বছরের সংসারে তার স্ত্রীই ছিলেন জীবনের সবচেয়ে বড় আশ্রয় ও শান্তি। ২০২৩ সালে স্ত্রীর মৃত্যু তার জীবনে গভীর শূন্যতা তৈরি করে। তিনি সবার কাছে তার স্ত্রীর জন্য দোয়া কামনা করেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই ঘটনাটিকে ভালোবাসা, স্মৃতি ও বাস্তবতার এক মর্মস্পর্শী প্রকাশ হিসেবে দেখছেন।
নিজস্ব প্রতিবেদক: 





















