তানোরে মুসলিম কবরস্থানের জমি নিয়ে বিতর্ক, চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া প্রত্যয়নপত্র দেওয়ার অভিযোগ
গোদাগাড়ী,(রাজশাহী)প্রতিনিধি
রাজশাহীর তানোর থানার ৪ নম্বর সরঞ্জাই ইউনিয়নের নবনবী গ্রামে মুসলিম কবরস্থানের জমি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক মুসলিম কবরস্থানের নামে রেকর্ডভুক্ত জমি থাকা সত্ত্বেও কিছু হিন্দু সম্প্রদায়ের ব্যক্তির পক্ষে মিথ্যা প্রত্যয়নপত্র প্রদান করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নবনবী মৌজার ৬৮২ নম্বর দাগে ২৬৪ শতাংশ এবং ৬৯৬ নম্বর দাগে ১৭ শতাংশ জমি দীর্ঘদিন ধরে মুসলমানদের কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে ওই জমিতে বসবাসের বৈধ কাগজপত্র না থাকা সত্ত্বেও সুধীর শিং, জবা শিং ও নয়ন শিংয়ের পক্ষে প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।
এদিকে বকুল খাতুন নবনবী গ্রামের ভোটার বা বাসিন্দা না হয়েও নবনবী গ্রামের ঠিকানা ব্যবহার করে একাধিক ব্যক্তির বিরুদ্ধে তানোর থানা ও আদালতে মামলা দায়ের করেছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
অভিযোগকারীরা জানান, আদালত বা প্রশাসনের পক্ষ থেকে কোনো লিখিত নির্দেশনা ছাড়াই চেয়ারম্যান এই প্রত্যয়নপত্র প্রদান করেছেন, যা সম্পূর্ণভাবে আইনবহির্ভূত। এছাড়া কবরস্থানের পাশেই চেয়ারম্যানের কৃষি খামার থাকায় স্বার্থসংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে।
এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।
এই বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হকের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী নিরুপায় হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ।
মোহাম্মদ রাজু 

















