স্বতন্ত্র প্রার্থী শরিফ হাদি গুলিবিদ্ধ: সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা বিএনপির
আজাদ নিউজ অনলাইন ডেষ্ক:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। পাশাপাশি নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখা এবং সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার দাবি জানায় দলটি।
শরিফ হাদির ওপর হামলার প্রতিবাদে আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল পালনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী আহমেদ জানান, শরিফ ওসমান হাদির ওপর হামলা, চট্টগ্রামে বিএনপির একজন নেতার ওপর হামলাসহ দেশের সামগ্রিক আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্বাচনী প্রার্থীর ওপর এমন হামলা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
আজাদ নিউজ অনলাইন ডেষ্ক: 














