ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে এক সপ্তাহে দুই কোটি ৭৩ লাখ টাকার পণ্য জব্দ
মস্তু মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে সর্বশেষ এক সপ্তাহে প্রায় তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ব্রাহ্মণবাড়িয়ার কসবা আখাউড়া ও কুমিল্লার আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তজুড়ে বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
সোমবার (৮ ডিসেম্বর) সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চালানো এই অভিযানে দুই কোটি ৭৩ লাখ টাকার বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, কম্বল, শাল-চাদর, কসমেটিকস সামগ্রী, ওষুধ, আতশবাজি, গরু, সিএনজিচালিত অটোরিকশা এবং নানা ধরনের খাদ্যপণ্য। উদ্ধারকৃত পণ্যের মধ্যে প্রায় ৯৩ লাখ টাকার ভারতীয় শাড়ি এবং এক কোটি ৮০ লাখ টাকার অন্যান্য খাদ্যসামগ্রী রয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মস্তু মিয়া 










