হোমনায় গাড়ির চাপায় দুই বছরের শিশু ফাইজা নিহত
নিজস্ব প্রতিনিধি
কুমিল্লার হোমনায় উপজেলা প্রশাসন চত্বরে দ্রুতগতির একটি সরকারি গাড়ির চাপায় দুই বছরের শিশু ফাইজা আক্তার নিহত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরের টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মা–এর সঙ্গে উপজেলা চত্বরে আসা ফাইজা হঠাৎ রাস্তার উপর নেমে গেলে দ্রুতগতিতে প্রবেশ করা এসিল্যান্ডের সরকারি গাড়িটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হৃদয়বিদারক দৃশ্য দেখে ভেঙে পড়েন শিশুটির মা। তিনি বলেন, “গাড়িটি খুব দ্রুত আসছিল। চোখের পলকে আমার সন্তানকে হারালাম।”
দুর্ঘটনার পর সরকারি গাড়ির চালক তাইবুর হোসেনের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
নিহত ফাইজার বাবা ফাইজুল হক একটি ওষুধ কোম্পানিতে কর্মরত। তাদের স্থায়ী বাড়ি বরিশালের ওজিরপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের তেরদ্রন গ্রামে।
খবর পেয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাসের দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে এসিল্যান্ড নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ছুটে আসি। শিশুটি আমার নিজের সন্তানও হতে পারত। ন্যায়বিচারের জন্য যা প্রয়োজন তা করব।”
টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম জানান, সকালে ফাইজা তার মায়ের সঙ্গে বিদ্যালয়ে আসে। তার বড় ভাই ওই প্রতিষ্ঠানের প্লে–গ্রুপের শিক্ষার্থী।
স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত বিচার, উপজেলা চত্বরে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রাথমিক রিপোর্ট তৈরি করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে জানা গেছে, উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এবং পরে ফাইজাকে নিজ গ্রামের বাড়িতে দাফন জন্য নিয়ে যাওয়া হয়।
মর্মান্তিক এই দুর্ঘটনায় হোমনা উপজেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় মানুষের মধ্যে গভীর শোক ও বেদনার ছায়া নেমে এসেছে।
নিজস্ব প্রতিনিধি 










