ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ রাউন্ড গুলি ও দুটি শটগান জব্দ
এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার
শিবচর মাদারীপুর
মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরে মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় একটি বিশেষ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। নেতৃত্ব দেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।
অভিযানকালে দুটি ট্রাক ও ১৫টি মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করে বিভিন্ন অনিয়মের কারণে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দুটি নোহা মাইক্রোবাস তল্লাশি চালিয়ে ২০ রাউন্ড গুলি ও দুটি শটগান উদ্ধার করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, “সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এই অভিযান পরিচালিত হয়েছে। একটি নোহা গাড়ি থেকে অস্ত্র ও গুলি জব্দ করে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, “জব্দকৃত দুটি শটগান ও ২০ রাউন্ড গুলি থানায় জমা হয়েছে। অস্ত্রগুলোর বৈধতা যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে নিয়ম ভঙ্গের কারণেই সেগুলো জব্দ করা হয়েছে।”
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে পথচারীদের মধ্যে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
আজাদ নিউজ ২৪ ডেক্স 
















