১৭ বছর পর টুঙ্গিপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও যুব সমাবেশ
টুংগীপাড়া সংবাদদাতা (গোপালগঞ্জ) মোঃ আফজাল হোসেন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
আজ সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকেল ৪ টায় উপজেলার ঐতিহাসিক পাটগাতী বাজারে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য যুব সমাবেশ।
১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন।
বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুব শক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়েই মূলত যুবদল প্রতিষ্ঠা করা হয়।
দিনভর নানা কর্মসূচির মধ্যে ছিল র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ,আলোচনা সভা, কেক কাটা ও প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা। দুপুর থেকেই উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগান নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।
সভায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোক্তার হোসেন মোল্লা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস. এম. জিলানী।
বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, জেলা যুবদলের সভাপতি মো. রিয়াজ উদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির নেতা হুমায়ুন কবির প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এস. এম. জিলানী বলেন-
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শই বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তি।
তিনি আরও বলেন, একটি দল দাবি করে গোপালগঞ্জের সমস্ত ভোট তাদের, তাহলে ইউনিয়ন পরিষদের মত জায়গা নৌকা দিয়ে নমিনেশন কেন দিল। রাত হলে তাদের মাথা ঠিক থাকে না ভোট কাটার জন্য ,ভোট কেটে বাক্স ভরে চেয়ারম্যান বানিয়েছে তারা দেশের জন্য কি করেছে। তাদের বিশ্বাস ছিল না গোপালগঞ্জের মানুষ নৌকায় ভোট দিবে। তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করলে ,আমি টুংগীপাড়া কোটালীপাড়া তথা গোপালগঞ্জের মানুষের জন্য কিছু করতে চাই। আজ যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক সার্থক হোক। গনতন্ত্র পুনরুদ্ধারে যুব সমাজকে অগ্রণী ভূমিকা নিতে হবে। শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করি ।
সভায় অন্যান্য বক্তারা বলেন, দেশে আজ ন্যায়বিচার, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে। এই অবস্থায় যুবদল দেশের তরুণ প্রজন্মকে সংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর যুবদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন। সমাবেশস্থলে ছিল উৎসবমুখর পরিবেশ। সমাবেশ শেষে কেক কেটে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
বক্তব্য শেষে উপস্থিত নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
অনুষ্ঠান শেষে পুরো পাটগাতী বাজার এলাকায় বিজয় শোভাযাত্রা বের করা হয়, যেখানে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
আজাদ নিউজ ২৪ ডেক্স 















