রাকসু নির্বাচন ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নজিরবিহীন নিরাপত্তা জোরদার
অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন–২০২৫কে সামনে রেখে পুরো ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন যেন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়— তা নিশ্চিত করতে সোমবার বিকেল ৩টায় প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, রেজিস্ট্রার, প্রক্টর, সহকারী প্রক্টরবৃন্দ, রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ ও চিফ রিটার্নিং অফিসার প্রফেসর মো. সেতাউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান পিপিএম, বিজিবি অধিনায়ক লে. কর্নেল হাসিবুল হক, র্যাব-৫ এর সিনিয়র এএসপি সালমান ফারসীসহ অন্যান্য নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা।
সভায় উপাচার্য শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে নিয়মিত সমন্বয় ও পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, “নির্বাচনকালীন সময়ে দুই হাজার পুলিশ সদস্য, ১২ প্লাটুন র্যাব ও ৬ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। প্রয়োজনে এই সময়সীমা বাড়ানো হবে।” তিনি আরও জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ১৫, ১৬ ও ১৭ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবেন এবং র্যাব ও বিজিবি সদস্যরা ক্যাম্পাস এলাকায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করবেন।
আরএমপি কমিশনার জানান, এখন পর্যন্ত কোনো অঘটনের গোয়েন্দা তথ্য পাওয়া যায়নি এবং ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “ক্যাম্পাস ও আশপাশের এলাকার বাসিন্দাদের সঙ্গে প্রশাসনের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই।” তিনি আরও জানান, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে যাতে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ থাকে।
রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম জানান, নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী কমিটির যৌথ বৈঠকে নির্বাচনপূর্ব ও পরবর্তী তিন দিন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “প্রশাসন, পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমন্বয়ে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে আসন্ন রাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক মূল্যবোধের নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
নির্বাচনে নয়টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট প্রতিনিধির বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৯০২ জন প্রার্থী।
আজাদ নিউজ ২৪ ডেক্স 











