কালিয়াকৈরে পাশবিকতা: ভাড়া নিয়ে পিটিয়ে যাত্রী হত্যা, শোকস্তব্ধ তাড়াইল গ্রাম
স্টাফ রিপোর্টারঃ মোঃ মাহবুবুর রহমান সোহেল
গাজীপুর:
এক সামান্য ভাড়া নিয়ে বচসার করুণ পরিণতি। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিচন্তপুর দোকানপাড় এলাকায় তাকওয়া পরিবহনের একদল অমানুষ হেলপার-কন্টাকটরের বর্বর হামলায় মো. ইলিয়াস হায়দার শেখ (৪৫) নামে এক নিরীহ যাত্রী নিহত হয়েছেন। তার মৃত্যুতে শোকের মাতম এখন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দশদ্রোন গ্রামে। একটি তুচ্ছ বিষয় কীভাবে এমন নৃশংস হত্যাকাণ্ডে পরিণত হতে পারে, সেই প্রশ্ন আজ ভারী হয়ে আছে সবার মনে।
সোমবার গভীর রাতে, ইলিয়াস হায়দার গাজীপুর চৌরাস্তা থেকে বাসে উঠেছিলেন। কিন্তু নিচন্তপুর দোকানপাড়ে বাসটি পৌঁছানো মাত্রই সামান্য ভাড়া নিয়েই কন্টাকটরদের সঙ্গে শুরু হলো তাঁর দুর্ভাগ্যজনক কথা কাটাকাটি।
সেই কথাই একসময় রূপ নিল হিংসার আগুনে। স্থানীয় সূত্র বলছে, কন্টাকটর মিলন, হেলপার তুফান এবং ড্রাইভার আলামিন—এই তিনজনের মিলিত পাশবিক আক্রমণে ইলিয়াস হায়দারকে বেধড়ক মারধর করা হয় এবং তাঁকে চলন্ত বাস থেকে অসহায়ভাবে ফেলে দেওয়া হয় রাস্তার ওপর।
রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও, ততক্ষণে সব শেষ। কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করলেন—তাঁর প্রাণবায়ু চিরতরে নিভে গেছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে এক আসামীকে গ্রেফতার করেছে। কিন্তু মূল ঘাতক কন্টাকটর মিলন ও ড্রাইভার আলামিন এখনো পলাতক।
নিহতের পরিবার ও এলাকাবাসী আর্তনাদ করে দাবি জানিয়েছেন—ভাড়ার মতো সামান্য অজুহাতে এমন হৃদয়বিদারক ঘটনা যারা ঘটালো, তাদের যেন দ্রুত গ্রেফতার করা হয় এবং কঠোরতম দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে।
আজাদ নিউজ ২৪ ডেক্স 

















