বাহাদুরপুর জামিয়া শরীয়াতিয়া কওমি মাদ্রাসায় বার্ষিক সিরাত মাহফিল অনুষ্ঠিত
এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার
মাদারীপুর
মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাহাদুরপুর জামিয়া শরীয়াতিয়া কওমি মাদ্রাসায় গতকাল (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় বার্ষিক সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহাদুরপুর আস্তানার পীর সাহেব হাজী শরীয়তুল্লাহর সপ্তম বংশধর জনাব আলহাজ্ব আব্দুল্লাহ মোহাম্মদ হাসান। তিনি অনুষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বাহাদুরপুর জামিয়া শরীয়াতিয়া কওমি মাদ্রাসা বাহাদুরপুরের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এখান থেকে প্রতিবছর অসংখ্য ছাত্র-ছাত্রী পূর্ণাঙ্গ দ্বীনি শিক্ষা গ্রহণ করে সমাজে দ্বীন প্রচারের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহাদুরপুর কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপালসহ কওমি মাদ্রাসার সম্মানিত মহাদ্দিস, মুফাসসির ও আলেম-ওলামাগণ। সিরাত প্রতিযোগিতা ছাড়াও হামদ ও নাত প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
আজাদ নিউজ ২৪ ডেক্স 
















