বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে চেক বিতরণ
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সহায়তায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টবোর্ডের পক্ষ থেকে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ শাহাবুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক মো. জিয়াউর রহমান, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হাসান, বিআরটিএ বাগেরহাটের সহকারী পরিচালক লায়লাতুল মাওয়া, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, এটিএন বাংলা নিউজ এর বাগেরহাট জেলা প্রতিনিধি আমিরুল হক বাবু,সদর বাস মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী এবং সাধারণ সম্পাদক শহিদ ফকির। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিন সড়ক দুর্ঘটনায় নিহত চারটি পরিবারকে প্রতিটি পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকার চেক প্রদান করা হয়। সহযোগিতা প্রাপ্তরা হলেন ,মো. বেলায়েত হোসেন হাওলাদার, অসীম হালদার, ইকবাল শেখ ও ফিরোজা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে আবু মমতাজ শাহাবুদ্দিন আহমেদ বলেন,সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের মানবিক উদ্যোগের অংশ। এই সহায়তা তাদের পুনর্বাসনে সহায়ক হবে।
তিনি আরও বলেন, বিআরটিএতে দালাল সংস্কৃতি প্রায় বিলুপ্তির পথে। দালালমুক্ত অফিস নিশ্চিত করতে ইতোমধ্যে সহকারী পরিচালক ও পরিচালকদের নির্দেশনা দেওয়া হয়েছে। খুব শিগগিরই বিআরটিএ অত্যাধুনিক, অনলাইননির্ভর এবং পেপারলেস সেবা ব্যবস্থা চালু করতে যাচ্ছে। পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা প্রদান, পরিবহন চালকদের প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্স প্রদানের প্রক্রিয়া সহজীকরণে কাজ চলছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানান।
আজাদ নিউজ ২৪ ডেক্স 











