১৩ সেপ্টেম্বরের গণসমাবেশ সফল করতে মংলায় বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি
স্টাফ রিপোর্টার: মোঃ নাঈম বিন রফিক, মংলা প্রতিনিধি
আসন্ন ১৩ই সেপ্টেম্বর ২০২৫, শনিবার দুপুর ১২টায় বাগেরহাট রেলরোড চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হবে। “প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যা অনুপাতিক পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন” এবং বাগেরহাট-৩ (মংলা-রামপাল) আসন পূর্ণবহনের দাবিকে কেন্দ্র করে আয়োজিত এ মহাসমাবেশ ঘিরে মংলা ও আশপাশের এলাকায় কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)। তাঁর আগমনকে কেন্দ্র করে মংলা শহর ইতোমধ্যেই উৎসবমুখর হয়ে উঠেছে। শহরের প্রধান সড়ক, মোড় ও বাজার এলাকায় ব্যানার-ফেস্টুন, পোস্টারে ভরে উঠেছে।
সমাবেশকে সফল করার লক্ষ্যে শুক্রবার বিকেলে মংলায় অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি। র্যালিটি মংলা বিএলএস জামে মসজিদ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেটে গিয়ে শেষ হয়। শত শত মোটরসাইকেলের অংশগ্রহণে শহরজুড়ে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। কর্মী-সমর্থকদের স্লোগান, ব্যানার, পতাকা আর উচ্ছ্বাসে পুরো মংলা শহর মুখরিত হয়ে ওঠে।
র্যালির সমাপনী বক্তব্যে মংলা পৌর শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম, উপজেলা সভাপতি মো. রেজাউল করিম মৃধা, সহ-সভাপতি মাওলানা ইউসুফ ইকবাল, সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ইসমাইল হোসেন, যুব আন্দোলনের উপজেলা সভাপতি হাফিজ মাওলানা আব্দুর রহমান, শ্রমিক আন্দোলনের সভাপতি আব্দুল জলিল সরদারসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় জনগণের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে কাজ করে যাচ্ছে। আসন্ন গণসমাবেশ হবে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা মংলা, রামপাল ও আশপাশের এলাকার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ১৩ সেপ্টেম্বরের মহাসমাবেশে যোগ দিয়ে এটিকে সফল করার আহ্বান জানান।