বাঘায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার পরিবারের ঘরবাড়ি ভস্মীভূত, ক্ষতি ১৫ লাখ টাকা!

বিশেষ প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলায় বিক্রির জন্য রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চার পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল আড়াইটার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে রাখা সিলিন্ডারগুলো ঘরের ব্যবহার ছাড়াও থ্রি-হুইলার চালকদের কাছে বিক্রি করা হতো। হঠাৎ একটি সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চারঘাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হন। ফায়ার সার্ভিসের সহায়তায় টানা দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় আমির হোসেন মিস্ত্রির ছেলে আসকান আলী (৫৮), লকিম উদ্দিন (৫২), হাসমত আলী (৪২) ও আসাদুল ইসলাম (৩৮)-এর বাড়ির মোট আটটি কক্ষ পুড়ে যায়। আগুনে আসবাবপত্র, দুটি বাইসাইকেল, একটি সিএনজি, দুটি ফ্রিজসহ ঘরের সব মালামাল ভস্মীভূত হয়।

চারঘাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আরিফুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”
দুর্ঘটনার খবর পেয়ে বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি ঘটনাস্থল পরিদর্শন করেন।

তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ৩০ কেজি চাল ও শুকনো খাবার দেওয়া হয়।

ইউএনও শাম্মী আক্তার জানান, বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঢেউটিন প্রদান করা হবে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।