নেপাল থেকে বিশেষ ফ্লাইটে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল!

স্টাফ রিপোর্টার
নেপালে চলমান বিক্ষোভের কারণে সেখানে আটকে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবশেষে দেশে ফিরছে।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে দলটি।

দলের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সার্বক্ষণিকভাবে নেপাল ও দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন।
বাংলাদেশ দল দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল।

প্রথম ম্যাচ অনুষ্ঠিত হলেও ৮ সেপ্টেম্বর থেকে নেপালে ব্যাপক আন্দোলন শুরু হওয়ায় ৯ সেপ্টেম্বরের নির্ধারিত দ্বিতীয় ম্যাচটি বাতিল হয়। ওই দিনই দলের দেশে ফেরার কথা থাকলেও ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয়ে যায় এবং খেলোয়াড়রা হোটেলে অবস্থান করতে বাধ্য হন।

পরিস্থিতি জটিল হয়ে ওঠায় খেলোয়াড়দের দ্রুত দেশে ফেরাতে জরুরি উদ্যোগ নেয় প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের অনুরোধে সশস্ত্র বাহিনী বিভাগ একটি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয় এবং বৃহস্পতিবার দুপুরে সেটির মাধ্যমে জাতীয় ফুটবল দলকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।