গোদাগাড়ীতে ভোরের অভিযানে ৩০০ গ্রাম হেরোইনসহ দুই যুবক আটক!

মোঃ রাজু, উপজেলা প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে ভোরের বিশেষ অভিযানে ৩০০ গ্রাম হেরোইনসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৬টার দিকে চরআষাড়িয়াদহ ইউনিয়নের চর আমতলা খাসমহল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটকরা হলেনঃ
১। মোঃ সৈবুর রহমান (৩০), পিতা: মোঃ রবিউল ইসলাম, গ্রাম: চর আমতলা খাসমহল, থানা: গোদাগাড়ী, জেলা: রাজশাহী।
২। মোঃ আব্বাস আলী শিহাব (২০), পিতা: মোঃ আইয়ুব আলী, একই গ্রামের বাসিন্দা।

গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ রফিকুল ইসলাম ফোর্সসহ ভোরে আমতলা ঘাট ও আশপাশ এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী দায়িত্বে ছিলেন।

এসময় তারা গোপন সূত্রে খবর পান, দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে ট্যাকপাড়া থেকে এসে আমতলা খাসমহলে হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

পরবর্তীতে পুলিশ ভোর ৫টা ৫০ মিনিটে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে সকাল ৬টার দিকে ধরা পড়ে।

এসময় আব্বাস আলী শিহাবের লুঙ্গির ভেতর থেকে তিনটি স্বচ্ছ পলিথিনের প্যাকেটে রাখা মোট ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ঘটনার পর গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।