ফুলবাড়িয়ায় বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীতে ৪৩ জন চক্ষু রোগীর বিনামূল্যে অপারেশন!

বিশেষ প্রতিনিধি:

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৪৩ জন অসহায় ও দরিদ্র চক্ষু রোগীর বিনামূল্যে চোখের অপারেশন সম্পন্ন হয়েছে।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ডা. সাইফুল ইসলাম বাদলের সার্বিক সহায়তায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়।

ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাইফুল ইসলাম বাদল ফাউন্ডেশনের উদ্যোগে রোগীদের যাতায়াত, থাকা-খাওয়া, অপারেশন, ঔষধ ও চশমাসহ সম্পূর্ণ চিকিৎসা সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

নির্বাচিত রোগীদের গত সোমবার সকালে বাসযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয় এবং সোমবার ও মঙ্গলবার দুই দিন ধরে রাজধানীর দৃষ্টি আই হসপিটালে তাদের চোখের অপারেশন সম্পন্ন করা হয়।

বুধবার চিকিৎসা শেষে সুস্থ হয়ে তারা নিজ নিজ বাড়িতে ফিরে আসেন।

চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া আন্ধারিয়াপাড়া গ্রামের জমশেদ আলী বলেন, “ডা. সাইফুল ইসলাম বাদল আমাদের চিকিৎসার সব ব্যবস্থা করেছেন। এখন আমরা আগের মতো চোখে দেখতে পারছি। তার এই সহায়তায় আমরা কৃতজ্ঞ।”

আরেকজন রোগী সূর্যবানু জানান, “আমরা আবার চোখে দেখতে পাচ্ছি। দোয়া করি আল্লাহ তাকে ভালো রাখুন।”

স্থানীয়রা জানান, এই উদ্যোগের মাধ্যমে চোখের আলো হারানো অনেক মানুষ নতুন জীবনের স্বপ্ন দেখছেন।

বিএনপি নেতা ইলিয়াস রব্বানি রিয়াজ বলেন, “ছানি অপারেশন, লেন্স প্রতিস্থাপন, চশমা সরবরাহসহ রোগীদের যাবতীয় ব্যয়ভার বহন করেছেন ডা. সাইফুল ইসলাম বাদল।”

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ডা. সাইফুল ইসলাম বাদল জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দ্বিতীয়বারের মতো প্রান্তিক মানুষের জন্য এই বিনামূল্যে চক্ষু শিবির আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, “উপজেলাবাসীর জন্য এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”