ডাকসু নির্বাচনে ইতিহাস: একই প্যানেল থেকে দম্পতির জয়!
স্টাফ রিপোর্টার
ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এবার ইতিহাস গড়েছেন এক দম্পতি।
শিবির সমর্থিত প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তারা দুজনই বিজয়ী হয়েছেন। ডাকসুর ইতিহাসে স্বামী-স্ত্রী একসাথে প্রার্থী হয়ে জয়ী হওয়ার ঘটনা এই প্রথম।
বিজয়ী দম্পতি হলেন রায়হান উদ্দীন ও উম্মে ছালমা। রায়হান উদ্দীন কার্যকরী সদস্য পদে ৫ হাজার ৮২ ভোট পেয়ে জয়লাভ করেন।
অন্যদিকে উম্মে ছালমা কমন রুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে সর্বোচ্চ ৯ হাজার ৯২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
জয়ের পর প্রতিক্রিয়ায় দম্পতি বলেন,
“আমরা আল্লাহর কাছে শোকরিয়া জানাতে চাই, আলহামদুলিল্লাহ। আমরা কোনো উদযাপন করতে চাই না। আমাদের কার্যক্রমই হবে উদযাপন। এটি অর্জন নয়—অর্জন হবে সেদিনই, যেদিন দায়িত্ব শেষে শিক্ষার্থীরা বলবে, তোমরা ভালো কাজ করেছো।”
ডাকসুর এই অনন্য দৃষ্টান্ত ইতোমধ্যেই ক্যাম্পাসে আলোচনার জন্ম দিয়েছে।