ডাকসু নির্বাচনে বিজয়ীদের ব্যক্তিগত অভিনন্দন জানালেন সালাহউদ্দিন!

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিনন্দন জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, “ডাকসুতে যারা বিজয়ী হয়েছে, তাদের আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই। এটা গণতন্ত্রের রীতি। গণতন্ত্রের রীতি হবে সবাইকে অভিনন্দন জানাতে হবে। যেহেতু বহুদিন পর নির্বাচন হয়েছে, কিছু ত্রুটি-বিচ্যুতি হওয়া স্বাভাবিক।”
তিনি আরও বলেন, তার জানা মতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ডাকসু নির্বাচনে অংশ নেয়নি। এ সময় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে অভিনন্দন জানান তিনি।

বিএনপির এ নেতা বলেন, “ডাকসু-চাকসু যাই হোক, এখানকার বিজয়ীদের কেউ কেউ জাতীয় রাজনীতিতে বড় নেতা হয়েছেন, আবার অনেকে এখনো সংগ্রাম করছেন। এটাই হচ্ছে শিক্ষাঙ্গনের রাজনীতির সঙ্গে জাতীয় রাজনীতির প্রতিফলন।”

ডাকসু নির্বাচন জাতীয় রাজনীতিতে কেমন প্রভাব ফেলতে পারে—এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, বড় রাজনৈতিক দলের বাইরে ডাকসুর নির্বাচিত নেতারা রাজনীতিতে খুব বেশি সফলতা পায়নি।

ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “দেশের সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তনের বড় অংশ এসেছে ছাত্র আন্দোলন কিংবা ছাত্র সংসদের মাধ্যমেই। তাই ছাত্র রাজনীতি অপরিহার্য।”