হোমনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইউএনওর সঙ্গে পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সাক্ষাৎ
হোমনা প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহীদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কুমিল্লা উত্তর জেলা আহ্বায়ক বাবু দুলাল চন্দ্র দেবনাথের সঙ্গে হোমনা উপজেলা ফ্রন্টের সভাপতি বাবু অংশুমান রায় (লিটন), সাধারণ সম্পাদক বাবু ডা. দিলীপ চন্দ্র দেব এবং হোমনা পৌরসভা শাখার সভাপতি বাবু অজয় পোদ্দার ও সাধারণ সম্পাদক বাবু দীপক দেব উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে হোমনা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ এবং পূজা উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
ফ্রন্টের নেতৃবৃন্দ দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম পূজা উদযাপনের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয়ের আশ্বাস দেন।
সাক্ষাৎকালে পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ বলেন, সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনই তাঁদের প্রধান লক্ষ্য। এজন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা কমিটিগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।