হোমনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
হোমনা প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে কুমিল্লার হোমনায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আজ সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক বাবু দুলাল দেবনাথ। সভা পরিচালনা করেন হোমনা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সম্মানিত উপদেষ্টা বাবু যুগল কিশোর ভৌমিক ও বাবু লায়ন চন্দন লাল রায়। এ সময় কুমিল্লা উত্তর জেলা আহ্বায়ক বাবু দুলাল দেবনাথকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করেন দুই উপদেষ্টা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অধ্যাপক দিনদয়াল পাল ও বাবু মানিক সাহা।
এ ছাড়া উপস্থিত ছিলেন হোমনা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বাবু অংশুমান রায় লিটন, সাধারণ সম্পাদক বাবু দিলীপ চন্দ্র দেব, সাংগঠনিক সম্পাদক বাবু উজ্জ্বল রায়, হোমনা পৌরসভা শাখার সভাপতি বাবু অজয় লাল পোদ্দার, যুব ঐক্য পরিষদের সভাপতি বাবু তারক ঘোষ।
ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আসাদপুর ইউনিয়নের সভাপতি বাবু ননী গোপাল সূত্রধর, জয়পুর ইউনিয়নের সভাপতি, ঘারমোড়া ইউনিয়নের সভাপতি বাবু নারায়ণ ভৌমিক এবং দুলালপুর ইউনিয়নের সভাপতি বাবু রুহিদাস বর্মণ। এছাড়া হোমনা পৌর মহাশ্মশান কমিটির সভাপতি দীপক চন্দ্র দেব ও সাধারণ সম্পাদক অজিত লাল সাহাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে হোমনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সার্বিক পরিস্থিতি, পূজা মণ্ডপগুলোর প্রস্তুতি, আইনশৃঙ্খলা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রত্যেক ইউনিয়নের নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার পরিস্থিতি তুলে ধরে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ দেন।
বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসবকে সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে উৎসব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় হোমনা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক বাবু দিলীপ চন্দ্র দেব বক্তব্য দেন। একই সঙ্গে সংগঠনের সম্মানিত উপদেষ্টা বাবু যুগল কিশোর ভৌমিক ও বাবু লায়ন চন্দন লাল রায় আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মতামত ও পরামর্শের মধ্য দিয়ে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। সকলের অংশগ্রহণে প্রস্তুতিমূলক সভাটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়। দুপুর ১২টা ৪০ মিনিটে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।