টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী অভিযান, গাঁজা ও ইয়াবা সেবনে দুজনের কারাদণ্ড
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার পর টুঙ্গিপাড়া উপজেলায় এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম।
অভিযানকালে চরগোপাপুর গ্রামের কালাম সিকদারের ছেলে সজীব সিকদার (৩৫)-কে গাঁজা সেবন করে সামাজিক অবক্ষয় ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন।
এ সময় চর কুশলী এলাকার আব্দুল্লাহ শেখের ছেলে মো. শামীম শেখ (১৯)-কে ইয়াবা সেবন করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে আটক করা হয়। তাকেও একই আইনে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানের সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও টুঙ্গিপাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।