হোমনার কাশিপুর জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপিত

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলার ৭ নং ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে নাতে রাসুল ও সালাত-সালামের ধ্বনিতে এক বিশাল ও বর্ণাঢ্য আনন্দ র‍্যালি (জশনে জুলুস) বের করা হয়। প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লি ও শিক্ষার্থীরা র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ ও নাতে রাসুল (দঃ) পরিবেশন করা হয়। পরবর্তীতে মহানবী হযরত মুহাম্মদ (দঃ)-এর শুভ আগমন, জীবনাদর্শ, শিক্ষা ও বিশ্ব মানবতার মুক্তির বার্তা নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা মহানবী (দঃ)-এর সুন্নাহ ও জীবনাদর্শকে ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে বাস্তবায়নের তাগিদ দেন। একইসঙ্গে সমাজ থেকে অন্যায়, অবিচার ও বৈষম্য দূর করে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং তরুণ প্রজন্মকে রাসুল (দঃ)-এর উন্নত চরিত্রের শিক্ষা অনুসরণের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলহাজ্ব শাহ আলম, ডাঃ মোঃ গোলাম মোস্তফা, ডাঃ মোঃ শহীদুল্লাহ, জাহাঙ্গীর আলম, আবু নাসের ওয়াহেদ সম্পদ, মোহাম্মদ আলী মেম্বার, আব্দুল হাই, শাহজালাল মাস্টার এবং জহিরুল ইসলাম।

ওলামায়ে কেরামদের মধ্য থেকে বক্তব্য রাখেন মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আক্তার হোসেন, মাওলানা হাবিবুর রহমান সালেহী, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, হাফেজ মেহেদী হাসানসহ আরও অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মোঃ শফিউল্লাহ ও মাওলানা নাজমুল হাসান আল কাদেরী।

৭ নং ভাষানিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরিশেষে উপস্থিত সকলের মাঝে তাবাররুক বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।