হোমনায় ট্রাইবেকারে দশম শ্রেণিকে হারিয়ে সপ্তম শ্রেণি চ্যাম্পিয়ন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল।
টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ট্রাইবেকারে দশম শ্রেণিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সপ্তম শ্রেণির দল।
রোববার (৯ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। নির্ধারিত সময়ে উভয় দল একটি করে গোল করায় ম্যাচের ফল নির্ধারণে ট্রাইবেকারের আশ্রয় নেওয়া হয়।
ট্রাইবেকারে সপ্তম শ্রেণির খেলোয়াড়রা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে দশম শ্রেণিকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. আঃ লতিফ বিশিষ্ট সমাজসেবক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, হোমনা মডেল প্রেস ক্লাবের সভাপতি, সাংবাদিক ও সিনিয়র শিক্ষক মো. আবুল কালাম আজাদ।
এ সময় বক্তব্য দেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান এবং হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সহকারি শিক্ষক মো. সজিবুর রহমান।
সিনিয়র শিক্ষক শামীমা নাসরিনের সার্বিক তত্ত্বাবধানে পুরো আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
ফাইনাল ম্যাচকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা উপভোগ করতে শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।
সপ্তম শ্রেণির দল চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়।
অনুষ্ঠানে শিক্ষকরা উভয় দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে এগিয়ে আসার আহ্বান জানান।
পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।