টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে অগ্নিসংযোগ: ৭৫ জনের বিরুদ্ধে মামলা
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে অগ্নিসংযোগের ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০/৪০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি টুঙ্গিপাড়া থানায় দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৪-৮/২৬। মামলায় টুঙ্গিপাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাহিন বিশ্বাস কালুসহ ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত অজ্ঞাতপরিচয় আরও ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদ ও আহতদের স্মরণে গত ১ আগস্ট টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেটসংলগ্ন এলাকায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণ নির্মাণ করে।
ওসি জানান, তোরণ নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই গভীর রাতে দুর্বৃত্তরা এতে অগ্নিসংযোগ করে। আগুনে স্মারক তোরণের নিচের অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন এবং প্রাথমিক তদন্ত শুরু করেন। পরে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়।
ওসি আরও বলেন, অগ্নিসংযোগের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের উপপরিদর্শক (এসআই) আইয়ুব আলীকে। তিনি ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহের কাজ শুরু করেছেন।
পুলিশের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজন হলে আরও ব্যক্তিকে আইনের আওতায় আনা হতে পারে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে অগ্নিসংযোগের ঘটনাটি টুঙ্গিপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।