হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলার ঐতিহ্যবাহী হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য, দর্শকদের উচ্ছ্বাস আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবলে প্রাণ ফিরে পায় মাদ্রাসা মাঠ।

রোববার (২ আগস্ট) মাদ্রাসা মাঠে পদ্মা হাউজ ও মেঘনা হাউজের মধ্যকার সেমিফাইনাল ম্যাচ দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্বোধনী ম্যাচে দুই দলের গতিময় ফুটবল, নিখুঁত পাসিং ও আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুস সাত্তার ভূঁইয়া শুভ উদ্বোধন করে বলেন, “শিক্ষার্থীদের সার্বিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তাদের মেধা, মনন ও নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

খেলা পরিচালনা করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. আবুল কালাম আজাদ। তিনি বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শিক্ষার্থীদের চরিত্র গঠন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং দলগত নেতৃত্বের অন্যতম কার্যকর মাধ্যম। সুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে।”

টুর্নামেন্টে পদ্মা, মেঘনা, যমুনা ও তিতাস—এই চারটি হাউজ অংশ নিচ্ছে। আগামী ৩ আগস্ট দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে যমুনা ও তিতাস হাউজ। দুই সেমিফাইনালের বিজয়ীদের নিয়ে ৪ আগস্ট বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ফাইনাল।