বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রতিবাদে সর্বাত্মক হরতাল!

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে একটি আসন কমানোর প্রতিবাদে সোমবার সকাল থেকে জেলাব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বানে বাগেরহাট থেকে ঢাকা ও চট্টগ্রামসহ ৪৮টি দূরপাল্লার রুট এবং আন্তজেলা রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সড়ক-মহাসড়ক বন্ধ থাকায় মোংলা বন্দরের মালামালা পরিবহন ও জেলা যোগাযোগ প্রায় বন্ধ হয়েছে। শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, জেলা প্রশাসকের কার্যালয়, নির্বাচন অফিস ও জজ আদালতসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা গেছে।

তবে এ রিপোর্ট পাঠানো পর্যন্ত জেলার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এম.এ. সালাম বলেন, “মোংলা বন্দরসহ অর্থনৈতিক ও ভৌগোলিক অবস্থার কোনো কিছুকে তোয়াক্কা না করে নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসন থেকে একটি আসন কমিয়েছে। বাগেরহাটের চারটি আসন ফিরিয়ে পেতে সর্বস্তরের জনগণ সবকিছু করবে। দাবি না মানা হলে বুধবার ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টা হরতাল চলবে।”

বাগেরহাট জেলা জামাতের আমীর মাওলানা রেজাউল করিম বলেন, “নির্বাচন কমিশন জনগণের দাবি উপেক্ষা করে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরি হলে এর দায়ভার কমিশনকে নিতে হবে।”