হোমনায় আদর্শ উচ্চ বিদ্যালয়ের ‘এপিএল’ ফুটবল টুর্নামেন্টের জমকালো কিক-অফ
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনায় উৎসবমুখর পরিবেশে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট ‘আদর্শ প্রিমিয়ার লিগ (এপিএল)-২০২৬’-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত মনোভাব গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যতে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জন্য প্রতিভাবান খেলোয়াড় তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
সোমবার (২৭ জুলাই) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক কিক-অফ ঘোষণা করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. মহিউদ্দিন।
হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইদুল ইসলাম শাহীন, হোমনা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হক সরকার এবং হোমনা মডেল প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মো. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এবারের এপিএলে ‘ক’ ও ‘খ’—দুই গ্রুপে বিভক্ত মোট ৮টি দল অংশ নিচ্ছে। দলগুলোতে রয়েছে দশম, নবম, অষ্টম, ভোকেশনাল শাখা এবং ষষ্ঠ-সপ্তম শ্রেণির সমন্বয়ে গঠিত দলসমূহ।
টুর্নামেন্টের ফিকচার অনুযায়ী প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটে বিদ্যালয় মাঠে ম্যাচ শুরু হবে। ৬ আগস্ট অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল এবং ১০ আগস্ট ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এপিএল-২০২৬-এর।
বিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্ট শিক্ষার্থীদের ফুটবল দক্ষতা বিকাশের পাশাপাশি সুস্থ প্রতিযোগিতা, শৃঙ্খলা ও খেলোয়াড়সুলভ মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।