হোমনায় প্রতিবন্ধীর টং দোকানে আবারও চুরি

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর দক্ষিণপাড়া সরদার বাড়ির মরহুম খুরশেদ মিয়ার প্রতিবন্ধী ছেলে মো. লুৎফর রহমান (লুতু)-এর টং দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতে দুর্বৃত্তরা দোকানের নগদ অর্থ ও বিভিন্ন মালামালসহ প্রায় ১৩ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত লুৎফর রহমান কান্নাজড়িত কণ্ঠে জানান, ছোট্ট এই টং দোকানটিই তার এবং পরিবারের জীবিকার একমাত্র অবলম্বন। এর আগেও একই দোকান থেকে প্রায় ২০ হাজার টাকার মালামাল চুরি হয়েছিল। বারবার চুরির ঘটনায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন এবং পরিবারটি এখন চরম আর্থিক সংকটে রয়েছে।
এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী ব্যবসায়ীর ক্ষতিপূরণের ব্যবস্থা করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”