হোমনায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে হোমনা সদর উপজেলার পল্লী বিদ্যুৎ রোডসহ বিভিন্ন এলাকায় দিনদুপুরে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও জুয়া প্রতিরোধ; পৌর এলাকার যানজট নিরসন এবং বাজারের হকার ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ চাঁদা আদায় বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া উপজেলার বিভিন্ন গ্রামীণ মুদির দোকানে একই সাথে ফার্মের মুরগি বিক্রি বন্ধ নিশ্চিত করতে প্রশাসনিক মনিটরিং ও বাজার ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
আইনশৃঙ্খলা বিষয়ক এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম মানিক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি শেফালী বেগম, ঘাড়মোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, ভাষানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ সম্পদ এবং হোমনা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুস সাত্তার ভূঁইয়া, সাংবাদিক আব্দুল হক সরকার, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ সৈয়দ আনোয়ার প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।