পলাশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবক গ্রেপ্তার
পলাশ (নরসিংদী) প্রতিনিধি:
মোঃ মামুন মোড়ল
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) গভীর রাতে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের খালিসার টেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ঘোড়াশাল চরপাড়া গ্রামের কামরুল ইসলাম, শান্ত খান, আমির হোসেন, বিল্লাল হোসেন ও রুহান মিয়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একদল ব্যক্তি ঘোড়াশাল খালিসার টেক এলাকায় ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) কুতুব আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ঘোড়াশাল বাইপাস সড়কের আন্ডারপাস এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল, তিনটি ধারালো ছুরি এবং একটি ওয়াকি-টকি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।