হোমনায় দেয়াল ধসে আহত তিন শিক্ষার্থীর পাশে উপজেলা প্রশাসন

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় দেয়াল ধসে আহত রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকার আর্থিক অনুদান দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ইউএনও আহত শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইউএনও মো. শহিদুল ইসলাম বলেন, আহত শিক্ষার্থীদের চিকিৎসায় উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে। তারা দ্রুত সুস্থ হয়ে বিদ্যালয়ে ফিরবে—এটাই সবার প্রত্যাশা।

উল্লেখ্য, গত ২০ জুলাই হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় দেয়াল ধসে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থী নিলীমা, তানিশা ও ইরসানা আহত হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।