হোমনায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের এক মাস পর মৃত্যু
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় প্রায় এক মাস আগে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হওয়া এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জানা যায়, প্রায় এক মাস আগে হোমনা উপজেলার ব্র্যাক ব্যাংক সংলগ্ন হোমনা-গৌরীপুর সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিজয়নগর গ্রামের মোহাম্মদ আরিফের ছেলে মোহাম্মদ শরীফ (২২) এবং একই গ্রামের মো. ফারুক আলমের ছেলে মোহাম্মদ ইয়াছিন (১৯) আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে হোমনা সরকারি হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছিল।
পরবর্তীতে ইয়াছিনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় এক মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থেকে মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার (২২ জুলাই) বিকেল আনুমানিক ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজের সময় পরে জানানো হবে।
উল্লেখ্য, দুর্ঘটনার পর থেকেই স্থানীয়দের মধ্যে সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়। এলাকাবাসী মোটরসাইকেল চালকদের ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি সড়কে কার্যকর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।