নিবন্ধন না থাকায় হোমনার রামকৃষ্ণপুরে একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ

মোঃ আবুল কালাম আজাদ:

স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লার হোমনায় একটি ইউনিয়ন সাব-সেন্টার ও চারটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়েছে।

এ সময় নিবন্ধন (রেজিস্ট্রেশন) না থাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

রোববার (১৯ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম মানিক হোমনা উপজেলার রামকৃষ্ণপুর বাজারে অবস্থিত চান্দেরচর ইউনিয়ন সাব-সেন্টার এবং চারটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন।

পরিদর্শনকালে রামকৃষ্ণপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বৈধ নিবন্ধন না থাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম মানিক বলেন, “স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে। জনগণকে নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পরিদর্শনকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. এবাদুল হক, ল্যাব টেকনোলজিস্ট মো. আবদুল্লাহ আল কাফি এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. আবদুল কাইয়ুম উপস্থিত ছিলেন।