ডাকাতি হওয়া ৩১টি গরু ও ট্রাকসহ সরাইলের ধরন্তীতে উদ্ধার

মস্ত মিয়া, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ডাকাতির শিকার হওয়া ৩১টি ষাঁড়-বাছুর বোঝাই একটি ট্রাক পুলিশের ধাওয়ার মুখে উদ্ধার হয়েছে। শনিবার (১১ জুলাই) ভোররাতে সরাইল উপজেলার ধরন্তী এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, বিভিন্ন আলামত এবং ডাকাতদের জিম্মি করে রাখা ট্রাকের চালক ও হেলপারকেও উদ্ধার করা হয়। তবে ডাকাত দলের সদস্যরা অন্ধকারে পালিয়ে যায়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, গভীর রাতে কুট্টাপাড়া বিশ্বরোড এলাকায় টহলরত পুলিশ একটি যাত্রীবাহী বাসের যাত্রীদের কাছ থেকে জানতে পারে, বিজয়নগর উপজেলার বুধন্তী এলাকা থেকে একটি গরুভর্তি ট্রাক ডাকাতি হয়েছে। খবর পেয়ে পুলিশ ট্রাকটির পিছু নেয়।

তিনি জানান, পুলিশের ধাওয়া টের পেয়ে ডাকাতরা মহাসড়ক ছেড়ে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে প্রবেশ করে। বেতার বার্তার ভিত্তিতে ধরন্তী ব্রিজ এলাকায় চেকপোস্ট বসানো হলে ডাকাতরা সেটি ভেঙে পালানোর চেষ্টা করে। এ সময় তারা দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তাকে চাপা দেওয়ারও চেষ্টা করে। পরে পুলিশের ধাওয়ার মুখে ধরন্তী এলাকায় ট্রাকটি রেখে ডাকাতরা পাশের হাওরে পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে ৩১টি ষাঁড়-বাছুর বোঝাই ট্রাক, ডাকাতির কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন মিনি পিকআপ, একটি ব্যাগ, আইফোন-৬ প্লাস মডেলের একটি মোবাইল ফোন, গাড়ির বিভিন্ন কাগজপত্র ও চাবি উদ্ধার করে। এছাড়া হাত-চোখ বাঁধা অবস্থায় ট্রাকের চালক হায়দার আলী ও হেলপার মো. হুমায়ুন কবির বিপ্লবকে পিকআপ থেকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ট্রাকটির চালকের ভাষ্য অনুযায়ী, সিলেটের জৈন্তাপুর থেকে নরসিংদীর একটি পশুর হাটে ৩১টি ষাঁড়-বাছুর নিয়ে যাচ্ছিলেন তারা। পথে হবিগঞ্জ অতিক্রম করার পর ব্রাহ্মণবাড়িয়ার বুধন্তী ও চান্দুরা এলাকার মধ্যবর্তী স্থানে একদল ডাকাত মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাকটি থামায়। পরে চালক ও হেলপারকে মারধর করে হাত-চোখ বেঁধে ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়। একপর্যায়ে রাখাল পালিয়ে গিয়ে মালিককে বিষয়টি জানালে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ৯৯৯ থেকে খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ডাকাতদের ধাওয়া শুরু করে। পরে ট্রাকটি সরাইল থানার এলাকায় প্রবেশ করলে দুই থানার পুলিশের সমন্বিত অভিযানে সেটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ।