শিক্ষিকা দীপার ঝুলন্ত মরদেহ উদ্ধার, নিরপেক্ষ তদন্তের দাবি
অনলাইন ডেস্ক:
পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা দীপা রানী দাস (৫১)-এর ঝুলন্ত মরদেহ গত বৃহস্পতিবার দিবাগত রাতে দশমিনা উপজেলার রনগোপালদী গ্রামের শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।
সহকর্মীদের অভিযোগ, দীপা দীর্ঘদিন ধরে স্বামীর নির্যাতনের শিকার ছিলেন। এ ঘটনায় তিনি আগে সাধারণ ডায়েরিও করেছিলেন এবং পুলিশ স্বামীর কাছ থেকে মুচলেকা নিয়েছিল। তাই তার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সহকর্মীরা।
তবে স্বামী সব্যসাচী দাস অভিযোগ অস্বীকার করে বলেন, স্ত্রী কেন আত্মহত্যা করেছেন তা তিনি জানেন না।
দশমিনা থানার ওসি মো. আতিকুল রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।