বিজয়নগরে ৫ বোতল স্কফ সিরাপসহ মাদক কারবারি ০১ গ্রেপ্তার

 

মস্ত মিয়া, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :

বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ বোতল স্কফ সিরাপসহ মো. জালাল মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বিজয়নগর থানার এসআই আলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান চালান। এ সময় জালাল মিয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে ৫ বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জালাল মিয়া কাশিনগর (আটপাইড়া পুকুরের উত্তর পাড়) এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।