হোমনায় তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ উদ্যাপন ও পুরস্কার বিতরণ সম্পন্ন
মোঃ আবুল কালাম আজাদ:
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও হোমনা উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্যাপন কর্মসূচি সমাপ্ত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমিতে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এর আগে গত ২ জুলাই সচিবালয় থেকে ভার্চ্যুয়ালি সম্প্রচারিত জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে হোমনায় এ কর্মসূচির সূচনা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তিন দিনব্যাপী আয়োজনে নজরুল সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি এবং ‘নজরুল ও বাংলাদেশ’ বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবীব, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, হোমনা মডেল প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক ও সিনিয়র শিক্ষক মো. আবুল কালাম আজাদ, সাংবাদিক ও শিক্ষক মোহাম্মদ রাহিদুল ইসলাম দাদন, মো. আবুল বাশার, শিক্ষক সোহেলী আক্তার ও রঞ্জিত চন্দ্র দাসসহ সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।