মাননীয় প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল উদ্বোধনে হোমনায় শুরু হলো তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’

মোঃ আবুল কালাম আজাদ:

জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে কুমিল্লার হোমনায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর স্থানীয় অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) হোমনা উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সচিবালয় থেকে ভার্চ্যুয়ালি সম্প্রচারিত জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন জনাব তারেক রহমান এমপি, মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে জাতীয় অনুষ্ঠান উপভোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলার অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহমুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শফিকুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন খান, মাদ্রাসার সুপার মাওলানা আবদুস সাত্তার, প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, প্রধান শিক্ষক আমেনা বেগম, সাংবাদিক মো. আবুল কালাম আজাদ, সিনিয়র শিক্ষক মো. দাদন মিয়া, উপজেলা জাসাসের আহ্বায়ক মো. কামাল হোসেন এবং সহকারী শিক্ষক আবুল বাসারসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, দর্শন ও চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তাঁরা নজরুলের মানবতাবাদ ও বিদ্রোহী আদর্শকে সমাজে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজনদের উপস্থিতিতে অনুষ্ঠান শেষে জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়।