হোমনায় অবৈধভাবে কৃষিজমি কর্তন করে ভরাট: মোবাইল কোর্টে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা

মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনা উপজেলায় অনুমতি ছাড়াই কৃষিজমি কর্তন করে ভরাট করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার ওপারচর ও ছোট ঘাড়মোড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহমেদ মোফাচ্ছের।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার ওপারচর গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে ইসলাম মোহাম্মদ (৪৩) এবং ছোট ঘাড়মোড়া গ্রামের মো. জীবন মিয়ার ছেলে স্বপন (৪৬) সরকারি অনুমতি ছাড়াই কৃষিজমি কর্তন করে জায়গা ভরাট কার্যক্রম পরিচালনা করছিলেন। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭ ও ১৫ ধারায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত উভয় ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহমেদ মোফাচ্ছের বলেন, “কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটা ও ভরাট কার্যক্রম প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে হোমনা থানা পুলিশ।