চাকরির প্রলোভনে ঘুষ নেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে, ডিসির কাছে লিখিত অভিযোগ
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৯ জুন) বিকেলে ওই নারী রেহেনা বেগম উর্মি পঞ্চগড় জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে রেহেনা বেগম দাবি করেন, ২০২৫ সালে আর্থিক সহায়তা চাইতে গিয়ে ইউএনওর সঙ্গে পরিচয় হয়। এ সময় তার ছেলেকে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ৩ লাখ টাকা দাবি করা হয়। পরে তিনি ১ লাখ ৮০ হাজার টাকা প্রদান করেন এবং বাকি টাকা চাকরি হওয়ার পর দেওয়ার কথা ছিল।
সোমবার ইউএনওর বদলির খবর পেয়ে তিনি টাকা ফেরত চাইলে ইউএনও তাকে অস্বীকার করেন বলে অভিযোগ করেন। এ ঘটনায় উপজেলা চত্বরে বাকবিতণ্ডার সময় তিনি ফেসবুকে লাইভে আসেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে অভিযোগ অস্বীকার করে ইউএনও আফরোজ শাহিন খসরু বলেন, তিনি ওই নারীকে চেনেন না। তার দাবি, এটি পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে এবং বিষয়টি যাচাই করা হচ্ছে। এছাড়া যে নিয়োগের কথা বলা হচ্ছে, তা আগেই বাতিল হয়েছে এবং ওই নারীর ছেলের নামে কোনো আবেদনও নেই।