শিবচরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা, এস এম আলমগীর হুসাইন
মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মাহাজেবিন।
এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ইব্রাহিম, ডা. মো. তরিকুল ইসলাম, ডা. সায়লা, এমটিপিআই মো. সাইদুর রহমান, হেলথ এডুকেটর রিপন হাওলাদার, টিএলসি মেজবাহ উদ্দিন, স্বাস্থ্য সহকারী মো. ইব্রাহিম, স্যানিটারি ইন্সপেক্টর ফজলুল হক, স্বাস্থ্য পরিদর্শকসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জাতীয় কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে শিবচর উপজেলার মোট ৪০ হাজার ৬২৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
লক্ষ্যমাত্রা অর্জনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ৪৩২টি অস্থায়ী কেন্দ্র এবং ১টি স্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মাহাজেবিন বলেন, “ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অপুষ্টিজনিত নানা স্বাস্থ্যঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সকল অভিভাবককে নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও জানান, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং মাঠপর্যায়ের কর্মীদের সমন্বয়ে সুষ্ঠু ও কার্যকরভাবে ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।
এদিকে, ক্যাম্পেইন উপলক্ষে সকাল থেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন কেন্দ্রে শিশুদের নিয়ে অভিভাবকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।