লক্ষ্মীপুরের রায়পুরে মর্মান্তিক হত্যাকাণ্ডে হোমনার মা ও তিন কন্যার মৃত্যু

মোঃ আবুল কালাম আজাদ:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ভাড়া বাসায় ঢুকে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার লঙ্গীপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার হোমনা পৌরসভার লটিয়া গ্রামের মরহুম কামাল হোসেনের স্ত্রী শাহিনুর বেগম, তার কলেজছাত্রী মেয়ে ইকরা আক্তার (১৮), ছোট মেয়ে সিফা আক্তার (৯) এবং বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়ে সায়মা আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে কামাল হোসেন মারা যাওয়ার পর তার স্ত্রী শাহিনুর বেগম সন্তানদের নিয়ে রায়পুর উপজেলার লঙ্গীপুর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তরা তাদের বাসায় প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে শাহিনুর বেগম, ইকরা আক্তার ও সিফা আক্তার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় সায়মা আক্তারকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় স্থানীয় জনতা সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বলে জানা গেছে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
রায়পুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
একই পরিবারের চার সদস্যের এ নির্মম হত্যাকাণ্ডে কুমিল্লার হোমনা উপজেলার লটিয়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজন ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।