হোমনায় আইন-শৃঙ্খলা সভা: মাদক, চাঁদাবাজি ও যানজট নিরসনে কঠোর নির্দেশনা
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক নির্মূল, ফুটপাতে চাঁদাবাজি বন্ধ, বাজার এলাকার যানজট নিরসন এবং চলমান উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম।
সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
সভায় অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেন, মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। হোমনা গ্যাস সংকট নিরসন, বাজারে ফুটপাত দখল, চাঁদাবাজি ও জুয়ার আসর বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি। পাশাপাশি বাজারের যানজট নিরসনে অটোরিকশা ও রিকশা চলাচলকে শৃঙ্খলার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, দেশের অনেক উপজেলার তুলনায় হোমনা-তিতাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে এবং এ ধারা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে তিনি দুলালপুর সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন এবং শ্রীমদ্দি সড়কের উন্নয়নকাজ দ্রুত শুরুর আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাচ্ছের, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শফিকুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সিরাজুল ইসলাম মানিক এবং পল্লী বিদ্যুৎ ডিজিএম মৃণাল কান্তি দাস।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি মো. সানাউল্লাহ সরকার এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাজাহান মোল্লা।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন হোমনা থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. কামাল হোসেন, হোমনা মডেল প্রেস ক্লাবের সভাপতি মো. আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ মহফল সাংবাদিক ফোরামের হোমনা শাখার সভাপতি সাংবাদিক মো. সৈয়দ আনোয়ার প্রমূখ।
সভায় বক্তারা উপজেলার বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা তুলে ধরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।