হোমনায় ৩৫৯ ও ৩৬০তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের ‘মহাতাঁবু জলসা’ অনুষ্ঠিত

মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনায় প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণ ও গতিশীল করার লক্ষ্যে ৩৫৯তম ও ৩৬০তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী আয়োজন ‘মহাতাঁবু জলসা’ জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

গত ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার রাতে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ মহাতাঁবু জলসার আয়োজন করা হয়।

বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চলের আয়োজনে এবং বাংলাদেশ স্কাউটস, হোমনা উপজেলার ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ স্কাউটস কর্তৃক বাস্তবায়নাধীন ‘প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্যায়)’ শীর্ষক প্রকল্পের অর্থায়নে পাঁচ দিনব্যাপী এ বেসিক কোর্স পরিচালিত হচ্ছে। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৮২ জন শিক্ষক-শিক্ষিকা দুটি কোর্সে অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহাতাঁবু জলসার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাংলাদেশ স্কাউটস, হোমনা উপজেলার সভাপতি মো. শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি কাব স্কাউটিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, শিশুদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে কাব স্কাউটিংয়ের বিকল্প নেই। তিনি এ কার্যক্রমের আরও সম্প্রসারণ এবং গুণগত মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

হোমনা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারজানা শেলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার এবং সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা।

স্বাগত বক্তব্য দেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউট সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান।

এছাড়া ৩৫৯তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সহকারী লিডার ট্রেইনার (এএলটি) আবুল খায়ের কোর্সের বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত ও তথ্যবহুল আলোচনা করেন।

এএলটি আঁখি নুর আক্তারের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশিক্ষক ও কাব লিডাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কোর্সে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকা ও কাব লিডারদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

পরবর্তীতে কাব লিডারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।