মহাদেবপুরের গর্ব ডাঃ শাহানা সুলতানা শোভা, পেলেন ‘কালারস মাল্টিমিডিয়া অ্যাওয়ার্ড-২০২৬’

মোঃ আবুল কালাম আজাদ:
চিকিৎসা সেবায় বিশেষ ও অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘কালারস মাল্টিমিডিয়া অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছেন নওগাঁর মহাদেবপুর উপজেলার কৃতি সন্তান ও মহাদেবপুরের পুত্রবধূ ডাঃ শাহানা সুলতানা শোভা

গত ১৯ জুন ২০২৬ (শুক্রবার) বিকেলে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবের লাউঞ্জ কক্ষে (৩য় তলা) আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা পদক ও স্মারক তুলে দেওয়া হয়। কালারস মাল্টিমিডিয়া ঢাকা আয়োজিত এ অনুষ্ঠানে সমাজ, শিল্প, সংস্কৃতি ও মানবসেবায় বিশেষ অবদান রাখা দেশের বিশিষ্ট ব্যক্তিদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেণ্য সংগীতশিল্পী ও কালারস মাল্টিমিডিয়ার উপদেষ্টা ফেরদৌস ওয়াহিদ।

চিকিৎসা সেবায় মানবিক ও নিরলস অবদানের জন্য ডাঃ শাহানা সুলতানা শোভাকে ‘চিকিৎসা সেবা’ ক্যাটাগরিতে এ সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কার গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলেন, “এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। ভবিষ্যতেও মানুষের সেবায় নিজেকে নিবেদিত রাখতে চাই। এজন্য সবার দোয়া কামনা করছি।” তিনি তাঁর এ অর্জন মহাদেবপুর উপজেলা ও নওগাঁবাসীর প্রতি উৎসর্গ করেন।

ডাঃ শাহানা সুলতানা শোভার এ অর্জনে মহাদেবপুরসহ নওগাঁ জেলায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন নাজমুল খান এবং উপস্থাপনা করেন ফয়জুল্লাহ সাঈদ।