হোমনায় স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনায় উপজেলা প্রশাসন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, এসইডিপি এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর উদ্যোগে স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) দিনব্যাপী উপজেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার।
এ সময় উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. আব্দুল লতিফ, সহ-সভাপতি মো. হানিফ মিয়া ও মোহাম্মদ ইয়া মুছাসহ রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ।
এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে অংশগ্রহণ করে খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়, হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নিলখী উচ্চ বিদ্যালয়, ঘারমোড়া আবুল কাশেম মো. ফজলুল হক মোল্লা মাধ্যমিক বিদ্যালয়, দুলালপুর চন্দ্রবনী উচ্চ বিদ্যালয়, কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়, কাশিপুর হাশেমিয়া উচ্চ বিদ্যালয়, মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয়, চান্দেরচর দারুল ইসলাম আলিম মাদ্রাসা এবং রেহেনা মজিদ মহিলা কলেজ।
প্রদর্শনী উপলক্ষে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া। এ সময় তাঁর সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে রেহেনা মজিদ মহিলা কলেজ প্রথম, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং দুলালপুর চন্দ্রবনী উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।
আয়োজকরা জানান, প্রদর্শনীর মাধ্যমে উপজেলার মেধাবী শিক্ষার্থী এবং সুশিক্ষায় অবদান রাখা মেধাবী শিক্ষক নির্বাচন করা হবে। এ উপলক্ষে উপজেলার সর্বস্তরের জনগণকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়।