কুমিল্লায় জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত, নতুন কর্মপরিকল্পনা প্রণয়ন
মোঃ আবুল কালাম আজাদ:
বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা জেলার উদ্যোগে দিনব্যাপী “জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কুমিল্লার ঐতিহ্যবাহী ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ কর্মশালায় বিগত অর্থবছরের কার্যক্রম মূল্যায়ন এবং ২০২৬-২০২৭ অর্থবছরের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা জেলার কমিশনার মো. কামরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মু. রেজা হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার ও জেলা স্কাউটসের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক (চাঁদপুর ও কুমিল্লা) পুরবী সরকার শম্পা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চলের সম্পাদক মো. আব্দুর রাজ্জাক এবং কুমিল্লা জেলা স্কাউটসের সম্পাদক মো. কুদরত উল্লাহসহ জেলার বিভিন্ন উপজেলার স্কাউটস কর্মকর্তা ও নেতৃবৃন্দ।
সকাল ৯টায় অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে কর্মশালার কার্যক্রম শুরু হয়। পরে সভাপতি মো. কামরুল কবির কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন এবং ২০২৫-২০২৬ অর্থবছরের শাখাভিত্তিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
কর্মশালায় ইউনিট প্যাক ও ট্রুপ মিটিং সক্রিয়করণ, শাপলা কাব, পিআরএস ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জনের কৌশল নিয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হয়।
সেশনগুলো পরিচালনা করেন এলটি মোঃ ফছিহ-উর-রহমান, জেলা স্কাউট লিডার মোহাম্মদ মজিবুর রহমান এবং জেলা কাব স্কাউট লিডার মো. ওয়াহিদুজ্জামান।
শেষ সেশনে ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত বার্ষিক কর্মপরিকল্পনা উপস্থাপন, আলোচনা ও পরিমার্জনের মাধ্যমে চূড়ান্ত করা হয়। জেলা কোষাধ্যক্ষ ও জেলা স্কাউট লিডার সেশনটি সমন্বয় করেন।
উন্মুক্ত আলোচনা ও সুপারিশমালা প্রণয়নের মধ্য দিয়ে কর্মশালার সমাপনী ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার স্কাউটস কমিশনার, সম্পাদক, কোষাধ্যক্ষ, স্কাউট লিডার ও কাব লিডারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।